কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
মাহফুজুর রহমান:
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৬ (রোববার) পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের হলরুমে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দুই পর্বে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে মধ্যাহ্নভোজের পর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা নূরুর রহমান চৌধুরী সায়েমের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরী বিগত দুই বছরের সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া সংগঠনের কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা গত দুই বছরের আয়-ব্যয় ও সার্বিক হিসাব উপস্থাপন করেন। তাঁদের প্রতিবেদনে বিগত মেয়াদে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং আর্থিক ব্যবস্থাপনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে আনিসুল হক গত দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা ও সমর্থন দেওয়ার জন্য সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা রফিক আহমেদ রফিক, ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ সিকদার এমবিই, নাজিরুল ইসলাম, ইজ্জত উল্লাহ এবং উপদেষ্টা ফারুক আহমেদসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য ও শুভাকাঙ্ক্ষী।
সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রফেসর আবদুল মালিক, খসরুজ্জামান খসরু, এ কে এম শামসুজ্জামান বাহার, আবুল ফাতেহ, আবুল মনসুর চৌধুরী, মখলিসুর রহমান, জাকারিয়া সিদ্দিক, হাফিজ মাহবুবুর রহমান, নোমান আহমেদ পাটোয়ারী, মাহবুবুর রহমান শামীম, জাহাঙ্গীর আলম নাজমুল, হারুন রশিদ, শামীম আহমেদ, রিয়াজ উদ্দিন, মাওলানা মনজুর আহমেদ এবং জাকির হোসেন মিল্লাত। বক্তারা কানাইঘাট এসোসিয়েশন ইউকের বিগত দিনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিবার্ষিক সাধারণ সভার পর দ্বিতীয় পর্বে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার জনাব ইজ্জত উল্লাহর নেতৃত্বে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সহসভাপতি সাদিকুল আমিন, মাওলানা দেলোয়ার হোসেন এবং জনাব সিরাজ উদ্দিন।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার জনাব ইজ্জত উল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী আনিসুল হক সভাপতি, এ কে এম জালালউদ্দিন বাবলু সাধারণ সম্পাদক এবং ফারুক আহমেদ চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বিগত মেয়াদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে সফলভাবে দায়িত্ব পালন এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানান।
উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও জনকল্যাণমুখী হবে। সংগঠনের ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
অত্যন্ত সুশৃঙ্খল, জাঁকজমকপূর্ণ ও উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনের শেষ পর্বে মাওলানা রফিক আহমেদ রফিকের পরিচালনায় বিশেষ মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে কানাইঘাট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

