সংসদ সদস্য মুফতি আবুল হাসানের সঙ্গে কানাইঘাট এসোসিয়েশন ইউকের মতবিনিময় সভা
মাহফুজুর রহমান:
সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে কানাইঘাট এসোসিয়েশন ইউকে। গত বুধবার (১২ আগস্ট ২০২৬) সন্ধ্যায় লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত তানজীল একাডেমিতে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন।
কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভাটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তিলাওয়াত করেন সংগঠনের প্রেস ও মিডিয়া সম্পাদক হাফিজ মাহফুজুর রহমান।

সভায় বক্তারা উন্নয়নের ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা কানাইঘাটের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা কানাইঘাটের সার্বিক উন্নয়নে সংসদ সদস্যকে আরও সক্রিয়, আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ করে দীর্ঘদিন ধরে অবহেলিত গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা গাজী বুরহান উদ্দিন সড়ক এবং গাছবাড়ী–হরিপুর সড়কের উন্নয়ন ও সংস্কারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নসহ কানাইঘাটবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমদ রফিক, নাজিরুল ইসলাম, উপদেষ্টা ইমাম হাফিজ আবুল হুসাইন খান ও বশিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা দেলওয়ার হুসাইন, সাদেকুল আমিন, আবুল ফাতেহ, মোখলিছুর রহমান, মুজিবুর রহমান ও জাকারিয়া সিদ্দিকী। জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদুর রহমান। কানাইঘাট এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা, সহকারী সম্পাদক হারুন রশিদ ও সুলাইমান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মনজুর আহমেদ, জনসংযোগ সম্পাদক মাওলানা নুরুর রহমান চৌধুরী সায়েম, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাহবুবুর রহমান খান, সহকারী সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, ক্রীড়া সম্পাদক তাহের উদ্দিন, আপ্যায়ন সম্পাদক গুলজার হোসেন চৌধুরী, যুববিষয়ক সম্পাদক আজমল হোসেন, সহকারী সমাজকল্যাণ সম্পাদক সাদেক আহমদ এবং নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ জামাল আহমদ, আবু সালেহ ইয়াহইয়া ও শামীম আহমেদ। উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে সফররত সিলেট কানাইঘাট সমিতির নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। এছাড়াও, যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটি নেতা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কানাইঘাটবাসীর উত্থাপিত দাবি ও সমস্যাগুলো সংসদ সদস্য গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং এলাকার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

