প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৬ তম জন্মবার্ষিকী আগামী ১৭ জুলাই শুক্রবার

  |  20:08, July 06, 2026
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা রিপোর্ট :

Manual6 Ad Code

কবি, ছড়াকার, গল্পকার, সংগঠক ও আইনজীবী সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৬ তম জন্মবার্ষিকী পালিত হবে আগামী ১৭ জুলাই শুক্রবার। ১৯৬০ সালের এই দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী ছুটু মিয়া এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী।

১৯৭৩ সালে ছড়া-কবিতা-গল্প দিয়ে সাহিত্যাঙ্গনে যাত্রা শুরু করলেও প্রগতিশীল শিশু-কিশোর রচনায় তিনি বিশেষভাবে সফল। পরবর্তীতে শিশু-কিশোর সাহিত্যের সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে। দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকী-সংকলনে তিনি অবিরাম লিখে চলেছেন।

সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ের স্থায়ী বাসিন্দা সুফিয়ান আহমদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে স্বপরিবারে বসবাস করছেন। স্ত্রী তামান্না নাহার চৌধুরী নাজ এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Manual6 Ad Code

তাঁর অনবদ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, স্মৃতির ক্যানভাসে, কোলা ব্যাঙের বিয়ে, সুবর্ণ ভোর, যত দূরে যাই, ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়ুয়ার ভয়, পোড়াবাড়ি, টিকটিকি ঠিকঠিক, খাঁচার পাখির জীবন, নির্বাচিত ১০০ ছড়া, বৃষ্টিভেজা রাত, আমপাতা জামপাতা, ধাপুস ধুপুস, স্বর্ণালি দিনের ডায়েরি, আলোর পতাকা হাতে ও স্বপ্নের ফেরিওয়ালা, চাঁদের হাটের মেলা ও রোদেলা স্বপ্ন।

Manual4 Ad Code

তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা-চেতনা ও আদর্শ বাঙালির মন-মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। স্বদেশ-মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্বুদ্ধ থেকে ভালোবাসায় লেখালেখি ও সম্পাদনা করে আসছেন। সাহিত্য সাময়িকী “জীবন মিছিল”-এর সম্পাদক তিনি। এছাড়াও আইন দর্পণ, কিশোর দর্পণ ও বঙ্গবীর সম্পাদনা করেছেন। এম সি কলেজ, সিলেট-এর বার্ষিকী ‘পূর্বাশা’র সম্পাদক ছিলেন কলেজ জীবনে।

বর্তমানে তাঁর সম্পাদনায় নিয়মিত বের হচ্ছে শিশু-কিশোর অনলাইন প্রকাশনা “ইলিক ঝিলিক”, ছড়াবিষয়ক অনলাইন প্রকাশনা “টাপুর টুপুর” এবং স্বদেশ ফোরাম-এর মুখপত্র “স্বদেশ কণ্ঠ”। দর্পণ প্রকাশ তাঁর নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান।

সুফিয়ান আহমদ চৌধুরী সম্পাদনা ও সংগঠন পরিচালনায় সিদ্ধহস্ত। ছড়া পরিষদ, সিলেট, সিলেট সাহিত্য পরিষদ ও স্বদেশ ফোরাম, নিউইয়র্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দেশ-বিদেশে সফল সংগঠকের সুনাম অর্জন করেছেন। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন। এরপর দুইবার কার্যকরী সদস্যও নির্বাচিত হন বিপুল ভোটে। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই সাহিত্যিক সাদা মনের মানুষ হিসেবে সকল মহলের ভালোবাসার পাত্র।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code