ফ্রান্স প্রবাসী সাংবাদিক হাফিজুর রহমান জাবেদ -এর পিতার ইন্তেকাল
আদর্শবার্তা ডেস্ক :
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদের বাবা মোহাম্মদ লতিফুর রহমান (৯০) আর নেই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টায় প্যারিসে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম লতিফুর রহমান ফ্রান্সের প্যারিসের ১৩ মেজঁ ব্লঁশ এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ নম্বর বাদেপাশা ইউনিয়নে বাদেপাশা গ্রামের ডাক্তার বাড়ি। তিনি মরহুম ক্যাপ্টেন মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র এবং একুশে পদকপ্রাপ্ত মরহ ড মুজিবুর রহমান ও মরহুম প্রকৌশলী নজিবুর রহমানের ছোট ভাই।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই ছেলের মধ্যে ফ্রান্স প্রবাসী ওলিউর রহমান ও সাংবাদিক মোহাম্মদ হাফিজুর রহমান জাবেদ রয়েছেন।
তাঁর মৃত্যুতে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিজ জন্মভূমি গোলাপগঞ্জের বাদেপাশা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, মোহাম্মদ লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি এনায়েত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ফ্রান্স ট্রিবিউনের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু এবং আদর্শবার্তা-এর সম্পাদক দেলওয়ার হোসেন সেলিম।
পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মী সাংবাদিক মোহাম্মদ হাফিজুর রহমানের প্রতি গভীর সমবেদনা জানান।

