সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ীদের সঙ্গে এমপি তাহসিনা রুশদীর মতবিনিময়
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরান ও নতুন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসার পরিবেশ, নিরাপত্তা, যানজট ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিশ্বনাথ পৌর শহরের বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জরুরি। জনগণের সমস্যা শুনে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, ব্যবসায়ী আরশ আলী রেজা, ছাতির আলী, উলফত মিয়া, ফয়জুর রহমান, মাসুক মিয়া, জয়নাল আহমদ মিয়া, তারেক আহমদ খজির প্রমুখ। এসময় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় পৌর শহরের দু’টি বাজারের ব্যবসায়ী নেতারা বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সেগুলো সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

